পাহাড়ের পর্যটন শিল্পের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে। এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাঙামাটি শহরের শিশু পার্কে নির্মিত দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কাপ্তাই লেকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ তৈরি এবং জেলার পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতেই এ স্থাপনা নির্মাণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন শিল্পকে আরও বেগবান করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। পর্যটকদের আকৃষ্ট করতে পরিবেশবান্ধব ও নান্দনিক অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব দিতে হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা জানান, রাঙামাটির পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ওয়াচ টাওয়ার প্রকল্পটি বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

উদ্বোধনের পর প্রতিমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা নবনির্মিত ওয়াচ টাওয়ারটি ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই স্থাপনা রাঙামাটিতে আগত পর্যটকদের বিনোদন ও কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগে নতুন মাত্রা যোগ করবে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, সদস্য (পরিকল্পনা) জাহিদ ইকবাল, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।