পার্বত্য অঞ্চলকে ঘিরে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সতর্ক করে বলেন, এই ষড়যন্ত্র যাতে সফল না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং অখণ্ড বাংলাদেশ ও ‘সবাই বাংলাদেশি’ এই পরিচয় ধারণ করতে হবে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক গবেষণা সংস্থা সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির মাধ্যমে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পক্ষে-বিপক্ষে এই বক্তব্য দিয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা আমাদের কাম্য হতে পারে না। আমরা কেউই স্বাধীনতার ৫৪ বছর পর এটা আশা করতে পারি না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদের আমরা বিভক্ত করতে চাই, তাদের মধ্যেও দেশের স্বাধীনতার পর সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। যারা হয়তো দেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি, তাদের মধ্যে কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে। কিন্তু সেরকম দুঃসাহস দেশে কেউ দেখায়নি।’
পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক আগে থেকেই একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান আছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। সাম্প্রতিককালে কুকিচিনের ঘটনা দেশবাসী ও নিরাপত্তা বাহিনীকে চিন্তিত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যেটা আমরা সাদা চোখে দেখছি, সেটার পেছনেও পর্দার অন্তরালের কারণ রয়েছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে আমাদের পার্বত্য অঞ্চল, ভারতের একটি অঞ্চল ও মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক কোনো কোনো শক্তির পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। এর বেশি আমি আজ বলতে চাই না। সেজন্য আমাদের সজাগ থাকতে হবে, যাতে এরকম জাতীয় ও আন্তর্জাতিক যেকোনো পরিকল্পনা আমাদের ভূখণ্ডকে নিয়ে সফল হতে না পারে।’
বাংলাদেশে বসবাসকারী সবারই পরিচয় বাংলাদেশি হতে হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সব ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, উপজাতিসহ সব জনসমষ্টি, সব সত্তাকে একটি ঐক্যবদ্ধ নেশন (জাতি) তৈরিতে বাংলাদেশি হতে হবে। সেই ঐক্যবদ্ধ জাতি, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা একাত্তরের পর চব্বিশে আবার রক্ত দিয়েছি।’
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী। সভায় বিএনপি, জামায়াত, লেবার পার্টি, এবি পার্টি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

-পার্বত্য সময়