মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “ একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়।’"
তিনি বলেন, "ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর।"
বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, “সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
শ্রদ্ধা নিবেদনকালে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
-পার্বত্য সময়


