পার্বত্য চট্টগ্রামের পৌর এলাকাগুলোর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে ‘পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ স্যানিটেশন’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়োগে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৪৩ টাকা।
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি দোহা, দেবকন এবং আডব্লিউএম-কে যৌথভাবে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। একইসঙ্গে ‘গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন’ প্রকল্পটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পরামর্শক নিয়োগের প্রক্রিয়া
বৈঠক সূত্রে জানা গেছে, ‘পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় পরামর্শক নিয়োগের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব আহ্বান করা হয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে, যার মধ্যে তিনটি কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়।
চূড়ান্ত মূল্যায়নের পর, টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ স্কোর পাওয়া দরদাতা প্রতিষ্ঠান দোহা, দেবকন এবং আডব্লিউএম-এর যৌথ প্রস্তাব অনুমোদন পায়। এ প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, কুমিল্লা ও ঈশ্বরদী ক্লাস্টারের আটটি পৌরসভা এবং দেশের উপকূলীয় ২২টি পৌরসভার স্যানিটেশন ব্যবস্থার মানোন্নয়নে নতুন প্রকল্পের পরিকল্পনা করা হবে।
টুঙ্গিপাড়া-কোটালীপাড়া জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাতিল
একই বৈঠকে ‘গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়ন’ প্রকল্পের পরামর্শক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় ইন্সটিটিউশনাল স্ট্রেনথেনিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট পরামর্শক সেবা ক্রয়ের জন্য ছয়টি প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব আহ্বান করা হয়, যার মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব জমা দেয়। এর মধ্যে চারটি প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হয়।
পরে প্রকিউরমেন্ট ইভ্যালুয়েশন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বোচ্চ স্কোর পাওয়া যৌথ দরদাতা প্রতিষ্ঠান হাস্কওনিং ডিএইচভি নেদারল্যান্ড বি.ভি (নেদারল্যান্ডস) এবং দেব কনসালট্যান্ট লিমিটেড বাংলাদেশকে ৪৫ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ৯২৮ টাকায় নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রকল্পটি প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

-পার্বত্য সময়