পার্বত্য চট্টগ্রাম চুক্তির (শান্তি চুক্তি) পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ‘ইউপিডিএফ’ (গণতান্ত্রিক) এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টা দিকে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি মহাজন পাড়া থেকে শুরু করে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। যখনি পাহাড়ে জুম্ম জাতির অধিকার আদায়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হচ্ছে তখনি একটি মহল হত্যা আর প্রতিহিংসার রাজনীতি, ষড়যন্ত্রের মেতে উঠে। চুক্তি বাস্তবায়নের পথে বাঁধার সৃষ্টি করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করার পাশাপাশি ষড়যন্ত্রকারীদের হুশিয়ারি জানান। 
সমাবেশে ইউপিডিএফ’র কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি’র) কেন্দ্রীয় সহ-সভাপতি লবিয়ত চাকমা ও সাধারণ সম্পাদক কলিন চাকমা উপস্থিত ছিলেন।

  • -পার্বত্য সময়