পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় প্রযুক্তি-ভিত্তিক আয়োজন ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল ২০২৫’ দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এ কার্নিভ্যাল আয়োজন করা হবে। স্থানীয় তরুণদের প্রযুক্তি-দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আইটি খাতের বিস্তারের লক্ষ্যে এডুলাইফ আইটি ইনস্টিটিউট এই আয়োজনের উদ্যোগ নিয়েছে।
পার্বত্য চট্টগ্রামে তথ্যপ্রযুক্তির প্রসার তুলনামূলকভাবে কম থাকায় এই ধরনের আয়োজন তরুণদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন আয়োজকেরা। এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির হোসেন বলেন,
"এই আয়োজন খাগড়াছড়ির আইটি কমিউনিটির জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। পার্বত্য অঞ্চলেও তথ্যপ্রযুক্তির চর্চা হচ্ছে—এটি সারা দেশের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটিকে আরও সফল ও জাঁকজমকপূর্ণ করতে চাই।"
‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল ২০২৫’-এ থাকছে বিভিন্ন প্রযুক্তি-সংশ্লিষ্ট কর্মশালা, আলোচনা ও নেটওয়ার্কিং সেশন। অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং ও নেটওয়ার্কিং-সংক্রান্ত বিষয়ের উপর বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।
এই আয়োজনে উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদ, প্রোগ্রামার, উদ্যোক্তা, তথ্যপ্রযুক্তি-বিষয়ক লেখক, ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং বিশেষজ্ঞরা। তাঁদের দিকনির্দেশনা প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকেরা।
গত বছর ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল’ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এবং ব্যাপক সাড়া ফেলে। এবারের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। তবে আসনসংখ্যা সীমিত থাকায় অংশগ্রহণকারীদের প্রাক্-নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। আগ্রহীদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চলের তরুণদের জন্য এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের আইটি খাতে দক্ষ করে তোলার পাশাপাশি তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই কার্নিভ্যালের মূল লক্ষ্য।
এই আয়োজনে অংশ নিয়ে তথ্যপ্রযুক্তির খুঁটিনাটি জানা, বিশেষজ্ঞদের দিকনির্দেশনা গ্রহণ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

-পার্বত্য সময়