রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কাসেম মেম্বারের বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানি না হলেও পরিবারের নগদ টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ সবকিছু আগুনে পুড়ে যায়। ফলে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।

বাড়ির সদস্য বিথী আক্তার জানান, “গভীর রাতে হঠাৎ মশারিতে আগুন দেখে তাদের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।” তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

পরিবারের আরেক সদস্য পারভীন আক্তার বলেন, “তিনি ঘুম থেকে জেগে প্রথমেই রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঘরের ভেতর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।”

ভুক্তভোগী পরিবারটির ভাষ্য অনুযায়ী, ঘরে থাকা নগদ অর্থ, জরুরি কাগজপত্র এবং মূল্যবান আসবাবপত্রের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জীবন বাঁচাতে পরনের কাপড়েই কোলের শিশুদের নিয়ে কোনোমতে ঘর থেকে বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে সেনাবাহিনীর একটি দল সেখানে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নির্বাপণ করে। সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

এই আকস্মিক দুর্ঘটনায় কাসেম মেম্বারের পরিবারটি এখন সম্পূর্ণ সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের জরুরি সহায়তা এবং স্থানীয় বিত্তবানদের সহযোগিতা কামনা করা হয়েছে।