বান্দরবানের সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নে স্বামী জীবিত থাকা সত্ত্বেও অনেকে বিধবা ভাতা পাচ্ছেন, অথচ প্রকৃত বিধবা ও দরিদ্ররা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। একইভাবে বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, দুগ্ধ ভাতা এবং সরকারি ঘর বরাদ্দেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা এবং ১ ও ২নং ওয়ার্ড মেম্বার আব্দুস ছবুর ও জসিম উদ্দীন তাঁদের পছন্দের ব্যক্তিদের সুবিধা দিয়েছেন। এমনকি টাকার বিনিময়ে ভাতা কার্ড বিক্রির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে চেয়ারম্যান ও সংশ্লিষ্ট মেম্বারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
-পার্বত্য সময়


