পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে ‘জোরপূর্বক ধর্মান্তর করিয়ে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পরিকল্পনা’- এমন বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন চার্চের পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী, নারী ও যুবকসহ শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য অঞ্চলে খ্রিস্টানরা নাকি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে- এমন ভিত্তিহীন অপপ্রচার ছড়ানো হচ্ছে। এসব মিথ্যা তথ্য ঘৃণা, বিভেদ ও অবিশ্বাসের মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তারা বলেন, প্রত্যেকের নিজস্ব ধর্মীয় বিশ্বাসই তার কাছে সর্বাধিক মূল্যবান। অন্যের ধর্ম নিয়ে অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো সব ধরনের মিথ্যা প্রচারণা বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লাল জার বম, রেজা জামান সাইলুক, দিনেদ্র ত্রিপুরা, জন ত্রিপুরা ও লেলং খুমীসহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে আয়োজকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক স্মারকলিপি গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর বান্দরবানের একটি আবাসিক হোটেলে প্রশাসনের অনুমতি ছাড়া তিন কোরিয়ান, একজন মার্কিন নাগরিকসহ কয়েকজন বিদেশি পর্যটক স্থানীয় খ্রিস্টানদের সঙ্গে সভা করেন। পরে অভিযোগ ওঠে তারা ধর্মান্তর প্রচারণায় যুক্ত ছিলেন। এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বিক্ষোভ ও হোটেল ঘেরাও করলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করে সংশ্লিষ্ট বিদেশিদের বান্দরবান ত্যাগের নির্দেশ দেন।


