বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ঘুমন্ত স্ত্রীর শরীরে অ্যাসিড ঢেলে হত্যা করেছেন মো. তোহা (২৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী জেসমিন আক্তারকে (২২) ঘুমন্ত অবস্থায় অ্যাসিডজাতীয় দাহ্য পদার্থ ঢেলে দেন তোহা। মারাত্মক দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শুক্রবার সন্ধ্যায় জেসমিন মারা যান।
তার মৃত্যুর পর শনিবার ভোরে জাহাজপুরা এলাকায় অভিযান চালিয়ে তোহাকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “স্ত্রীর মৃত্যুর ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেপ্তার তোহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
মামলার এজাহারে বলা হয়েছে, তোহা নাইক্ষ্যংছড়ির ২ নম্বর বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকায় একটি কোম্পানির রাবার বাগানে চাকরি করতেন। স্টাফ কোয়ার্টারে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। সেখানে পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে অ্যাসিড ঢেলে হত্যার চেষ্টা করেন।
স্থানীয়দের মতে, এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
-পার্বত্য সময়


