বান্দরবানের লামা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে মো. কামাল হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়িত্বরত বিচারক অরুন পাল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত কামাল হোসেন লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বী ডিগ্রীখোলা এলাকার বাসিন্দা এবং মৃত দুলা মিয়ার ছেলে।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে কামালের সঙ্গে কদর বানুর বিয়ে হয়। তাঁদের দুই সন্তানের সংসার চলছিল। পরে কামাল আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তুলে আনার চেষ্টা করলে কদর বানু বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কামাল প্রথম স্ত্রী কদর বানু ও সন্তানকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় কদর বানু বাবার বাড়ি গিয়ে লামা থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলা থেকে মুক্তি পেতে কামাল শ্বশুরবাড়িতে গিয়ে আবারও বাকবিতণ্ডায় জড়ান এবং স্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চলে যান। এর কয়েকদিন পর, ২০১৯ সালের ২ নভেম্বর কামালের বাড়ির বারান্দার আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কদর বানুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন কদর বানুর ভাই আকবর হোসেন লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপনের পর আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেন বিচারক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আলমগীর চৌধুরী বলেন, “হত্যার ঘটনায় অভিযুক্ত কামাল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। ফলে আদালত তাঁকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।”

-পার্বত্য সময়