খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় এলজি (অস্ত্র) ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তিপুর এলাকার একটি বাঁশঝাড়ের নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এলজি ও কার্তুজগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির মধ্যে চারটির কেবল খোসা পাওয়া গেছে।
তিনি বলেন, "শান্তিপুর এলাকার কলিচিতি চাকমার বাড়ির পাশের পাকা রাস্তাসংলগ্ন বাঁশঝাড়ে লুকিয়ে রাখা অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।"
এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সিএন্ডবি মাঠ এলাকা থেকে একটি ওয়ান শুটার পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছিল পুলিশ।
এ ঘটনায় কেউ আটক হয়নি। তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-পার্বত্য সময়