রাঙামাটি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে করে পাচারকালে প্রায় ৩০০ কেজি কাপ্তাই হ্রদের অবৈধ মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বুধবার (২ জুলাই) রাতে শহরের মানিকছড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাসটির ভেতর থেকে ২৪০ কেজি কেচকি ও ৩৫ কেজি আইড় মাছ জব্দ করা হয়। মাছগুলো নিষিদ্ধ সময়ে হ্রদ থেকে অবৈধভাবে আহরণ করে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযান টের পেয়ে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিএফডিসি জানায়, পরে জব্দ করা মাছ নিলামে বিক্রি করে ৬৩ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। বাসটি বর্তমানে বিএফডিসির হেফাজতে রয়েছে।
রাঙামাটি বিএফডিসি কমান্ডার ফয়েজ আল করিম বলেন, “কাপ্তাই হ্রদের মাছ জনগণের সম্পদ। তাই মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে কেউ যাতে হ্রদ থেকে মাছ আহরণ করে পাচার করতে না পারে, সে বিষয়ে আমরা সর্বদা তৎপর। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “শুধু প্রশাসন নয়, মাছ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে এই বিষয়ে সচেতন হতে হবে। হ্রদের জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন নিশ্চিত করতেই এই মৌসুমি নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।”
উল্লেখ্য, কাপ্তাই হ্রদে মাছের প্রজনন মৌসুমে প্রতিবছর নির্ধারিত সময়জুড়ে মাছ ধরা নিষিদ্ধ থাকে। তবুও কিছু অসাধু চক্র তা লঙ্ঘন করে অবৈধভাবে মাছ আহরণ ও পাচার করে থাকে, যা হ্রদের সামগ্রিক পরিবেশ ও মাছের বংশবৃদ্ধির জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

-পার্বত্য সময়