বান্দরবানের থানচি রেঞ্জে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি ও বন বিভাগ।
বিজিবি-৫৭ আলীকদম ব্যাটালিয়ন এবং বন বিভাগের যৌথ অভিযানে সোমবার (১৯ জানুয়ারি) বিকালে থানচি রেঞ্জাধীন বড় মোদক এলাকায় এসব কাঠ আটক করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে অবৈধভাবে গাছ কর্তন ও পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা সেগুন গোলকাঠ ৭১৬ টুকরা জব্দ করা হয়েছে। জব্দ কাঠের পরিমাণ প্রায় ৪২২.০৩ ঘনফুট। ধারণা করা হচ্ছে, পাচারের প্রস্তুতিতে পাহাড়ি এলাকায় গোপনে মজুদ করে রাখা হয়েছিল।
থানচি বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসরাফিল ইসলাম জানান, অভিযানকালে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ কাঠ বিজিবির হাতে থেকে থানচি রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


