খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে ভারতের এক নাগরিককে আটক করেছে বিজিবি। রোববার (২৪ আগস্ট) পানছড়ি উপজেলার কচুছড়ি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৩২ বছর বয়সী কামিনী কুমার ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যম চ্যানেল টুয়েন্টি ফোরের খবরে বলা হয়- ৩ বিজিবি লোগাং জোনের সূত্র জানায়, সকালবেলা পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির সদর থেকে ৩৮ কিলোমিটার দূরে দুর্গম কচুছড়ি মুখ বিওপিতে টহল চলাকালে কমান্ডার হাবিলদার মো. শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।
সূত্রে আরও জানা গেছে, কামিনী কুমার ত্রিপুরা ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ি এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হবে।
-পার্বত্য সময়


