গবেষক ও জনপ্রিয় অনলাইন এক্টিভিস্টস পিনাকী ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বলেছেন, "পার্বত্য চট্টগ্রামের সমস্যা দেশের জন্য দীর্ঘকালীন বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে বিশেষত পার্বত্য অঞ্চলে কিছু আন্তর্জাতিক বিষয়ও রয়েছে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অস্বস্তিকর।"
আদিবাসী না উপজাতি এ প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য বলেন, ইন্ডিজিনাস বা আদিবাসী তাদেরকেই বলে যারা একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে ঐতিহাসিকভাবে বসবাস করে আসতেছে, সভ্যতার শুরুর আগে থেকে। সে হিসেবে তিনি উপজাতিদের উদ্দেশ্যে বলেন, আপনারা আদিবাসী নন। 
এ প্রসঙ্গে তিনি বোমাং রাজা অং শৈ প্রু চৌধুরীর একটি বক্তব্য তুলে ধরেন। এখানে বোমাং রাজাকে বলতে শোনা যায়,  আমরা ট্রাইবাল, আমরা আদিবাসী নয়। আমরা ছিলাম বার্মাতে।
উপজাতিদের উদ্দেশ্যে পিনাকী বলেন, আপনারা আদিবাসী দাবি করলে সমতলের মানুষদের মধ্যে সন্দেহ তৈরি হয়। তারা (সমতলের বাঙ্গালিরা) জানে, আদিবাসীরা যদি অভিযোগ করে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হলে আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিয়ে বাধ্য করতে পারে একটি আলাদা রাষ্ট্র গঠনে।
তিনি এ সন্দেহকে যৌক্তিক মনে করেন। এ সময় তিনি পাহাড় নিয়ে ভারতের ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন। 
তিনি বলেন, "আজ শুধু একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করার জন্য আমি কথা বলছি না, বরং আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পর্কের উন্নতির কথা ভাবতে হবে। আমি নিশ্চিত যে, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান সমস্যার সমাধান একসঙ্গে এবং আন্তরিক প্রচেষ্টায় সম্ভব।"
পিনাকী আরও জানান, "সঠিক সময়ে এবং যথাযথ ভাবে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি সমাধান না হলে দেশীয় শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়বে।"
তিনি শেষ করেন, "আমাদের শান্তি এবং সমাধানের পথে চলতে হবে।"

-পার্বত্য সময়