দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উপজাতি সম্প্রদায়ের উৎসব উপলক্ষে পাঁচ দিন সরকারি ছুটিসহ ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'পার্বত্য চট্টগ্রাম ও সমতল আদিবাসী শিক্ষার্থী' ব্যানারে ১২টি সংগঠনের প্রতিনিধিরা।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ খুমি স্টুডেন্ট স কাউন্সিল, বাংলাদেশ চাক স্টুডেন্টস এসোসিয়েশন, দি পাংখোয়া স্টুডেন্টস এসোসিয়েশন অফ বাংলাদেশ, ঢাকাস্থ ম্রো শিক্ষার্থী পরিবার, সাধারণ বম ছাত্র সমাজের প্রতিনিধিরা। 
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা। চার দফা দাবিগুলো হলো-
১।  দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে (১২-১৬) এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন সরকারি ছুটি প্রদান করা। 
২।  উৎসবের সময় এসএসসি ও এইচএসসিসহ কোর পাবলিক পরীক্ষা না রাখা।
৩।  উৎসবের সময় দেশের সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিতসহ সকল প্রতিষ্ঠানে কর্মরত আদিবাসী কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি প্রদান করা।
৪।  উৎসবের সময় দেশের বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত আদিবাসী শ্রমজীবীদের ছুটি প্রদান করা।
এসময় অন্যান্য সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নুমং প্রু, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, রুমেন চাকমা প্রমুখ।

-মাহফুজুর রহমান , ঢাকা কলেজ প্রতিনিধি