বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তসংলগ্ন পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি যুবক।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মনসুর আহমেদ (২৬)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বৃহস্পতিবার মধ্যরাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “দুপুরে মনসুর আহমেদসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক বাঁশ কাটার উদ্দেশ্যে তুইঙ্গাঝিরি সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেন। সেখানে একটি স্থানে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে মনসুর গুরুতর আহত হন।”
বিস্ফোরণে মনসুর আহমেদের বাম পা গোড়ালি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অংশ ছিন্নভিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন ওসি।
পরে আহত মনসুরকে সঙ্গে থাকা লোকজন উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। বর্তমানে তিনি চমেকে চিকিৎসাধীন রয়েছেন।
-পার্বত্য সময়


