রাঙামাটি পার্বত্য জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন এক ব্যতিক্রমধর্মী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার গুণগত মান বাড়াতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ‘গ্রুপ স্টাডি’ পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন তিনি। এতে জেলার শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য—পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহজ ও কার্যকর উপায়ে পাঠে আগ্রহী করে তোলা এবং তাদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে সহায়তা করা।”
এই পদ্ধতিতে প্রতিদিন একটি নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক, অভিভাবক এবং অভিজ্ঞ শিক্ষকরা একসঙ্গে ক্লাস করবেন। শিক্ষার্থীরা দলগতভাবে কঠিন বিষয়ের ব্যাখ্যা ও আলোচনা করবে এবং একে অন্যকে সহযোগিতা করে বিষয়টি সহজভাবে রপ্ত করবে।
অভিভাবকরাও সরাসরি অংশ নিয়ে তাদের সন্তানদের দুর্বলতা ও অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। এক দিনে একটি শ্রেণি এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতে এই পদ্ধতি চালু থাকবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর মধ্যে সমন্বয় তৈরি হবে এবং ধীরে ধীরে জেলার শিক্ষা ব্যবস্থার মান দৃশ্যমানভাবে উন্নত হবে।
অনুষ্ঠানে জেলার শিক্ষক সংকট এবং পর্যাপ্ত তদারকির অভাব নিয়েও আলোচনা হয়। এই সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিশিকেশ শীল।
-পার্বত্য সময়


