বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তিনি এসব ষড়যন্ত্র মোকাবেলায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপত্তা বাহিনীর কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে জেলা জামায়াত আয়োজিত এক কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “পার্বত্য চট্টগ্রামে জাতিগত বিভাজনের মাধ্যমে অশান্তি সৃষ্টি করার গভীর চক্রান্ত চলছে। কিন্তু জামায়াত ইসলামী দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আপসহীন থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই আল্লাহর রহমত ও বরকতের বাংলাদেশ। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা সেই নির্বাচনেই অংশগ্রহণ করব, তবে সেটি হতে হবে সংবিধান ও নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার শেষে।”
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “২০২৬ সালের জুন এবং ২৫ ডিসেম্বর—এই দুই ডেটলাইনের মধ্যে নির্বাচন হলে আমাদের আপত্তি নেই। তবে আগের মতো সাজানো নির্বাচন দেশবাসী আর বরদাশত করবে না। এর আগে অবশ্যই পুলিশ, প্রশাসন ও সংবিধান সংস্কার করতে হবে এবং যেসব অপরাধী দেশকে রক্তাক্ত করেছে, তাদের বিচারের মাধ্যমে নির্বাচন হতে হবে।”
জেলা জামায়াতের আমির এস এম আবদুস ছালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী, টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক জাফর সাদেক।
-পার্বত্য সময়


