বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মারমা (৪৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাটবাজার শেষে যাত্রীরা ভাড়ায়চালিত জিপে করে ফিরছিলেন। পথে ঢালু এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমার মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাছা ইউনিয়ন চেয়ারম্যান উনুমং মারমা বলেন, “হাটবাজার শেষে ফেরার পথে জিপ উল্টে এক নারী নিহত হয়েছেন। আমি ঘটনাস্থলে উপস্থিত আছি।”
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল চৌধুরী বলেন, “জিপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।”
-পার্বত্য সময়


