দুর্নীতি, অসদাচরণ ও ঘুষ বাণিজ্যের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (২০ নম্বর আইন) এর ধারা ১২(১)(গ) অনুযায়ী চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পরিষদের সদস্যদের অবমূল্যায়ন, হস্তান্তরিত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারি বিল আটকে রেখে ঘুষ আদায়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত থাকতে বলা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথম নারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার বিরুদ্ধে তদন্তে দুর্নীতির প্রমাণ মেলায় সরকার তাকে পদচ্যুত করার সিদ্ধান্ত নেয়।