দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদ সদস্য হলেন রাঙ্গামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার জ্বরতী তঞ্চঙ্গ্যা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৫০ মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মর্মে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেটে প্রকাশিত নির্বাচিতদের তালিকায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের এমপি প্রার্থী জ্বরতী তঞ্চঙ্গ্যা। এর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠি তঞ্চঙ্গ্যাদের মধ্য থেকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে সংসদে গেলেন জ্বরতী তঞ্চঙ্গ্যা। এর আগে ১৯৮৬ সালে মালতী রাণী তঞ্চঙ্গ্যা সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন।
দ্বাদশ সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির আনুপাতিক হারে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার ৩৮টি সংরক্ষিত আসন পেয়েছে । আর ৬২ স্বতন্ত্র এমপির সঙ্গে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দিয়েছে। সে হিসাবে আওয়ামী লীগ এবার পেয়েছে ৪৮টি সংরক্ষিত আসন । বাকি দুটি সংরক্ষিত আসন পায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ।
জ্বরতী তঞ্চঙ্গ্যা রাঙামাটি সদর উপজেলার ১ নম্বর জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার স্বামী তরুন কান্তি তঞ্চঙ্গ্যা জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। জ্বরতীর শ্বশুর ও তরুন কান্তির পিতা হেডম্যান যতীন তঞ্চঙ্গ্যা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য।
এবার তিন পার্বত্য জেলা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোনয়নের জন্য আলোচনায় থাকলেও অনেকটা জনসাধারণের আলোচনার বাইরে থেকেও মনোনয়ন বোর্ডের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে জ্বরতী তঞ্চঙ্গ্যার নাম ।
এ প্রসঙ্গে জানতে চাইলে জ্বরতী তঞ্চঙ্গ্যা বলেন, 'প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তিন পার্বত্য জেলা থেকে যারা এমপি আছেন; উনাদেরকেও ধন্যবাদ জানাই। আমি সকলের জন্য কাজ করব। জনগণের জন্য কাজ করতে পারলে তবেই হবে আমার সার্থকতা।'
এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।
-পার্বত্য সময়

