পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজুর অংশ ‘ফুল বিজু’ উপলক্ষে শনিবার ভোরে খাগড়াছড়ির চেঙ্গী নদীর খবংপুড়িয়া অংশে সংবাদ সংগ্রহে গিয়ে বাধার মুখে পড়েছেন সাংবাদিকরা।
সেখানে কর্মরত গণমাধ্যমকর্মীরা জানান, স্থানীয় কিছু চাকমা যুবক তাদের সংবাদ কাভার করতে বাধা দেন। ‘No Journalist, No Photography’ এবং ‘বায়াসড মিডিয়া, বায়াসড সাংবাদিক’ লেখা লাল ব্যানার টানিয়ে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়।
কোনো কারণ ছাড়া এমন আচরণে হতবাক স্থানীয় সাংবাদিকরা। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, “পার্বত্য অঞ্চলের সাংবাদিকরা সব সম্প্রদায়ের সুখ-দুঃখ, উৎসবে সবসময় অংশ নেন। কিন্তু এভাবে সাংবাদিকদের অপমান করা দুঃখজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত। কোনো গোষ্ঠী হয়তো পার্বত্য চট্টগ্রামে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
এদিকে, সকাল থেকেই খাগড়াছড়িতে বিজু উৎসবের আমেজ বইছে। চাকমা সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী পোশাকে নদীর তীরে গিয়ে ফুল ভাসিয়ে গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা করেন। এই আয়োজনের মধ্য দিয়েই শুরু হয় নতুন বছরের মঙ্গল কামনার উৎসব ‘বৈসাবি’র আনুষ্ঠানিকতা।
চৈত্রের ২৯ তারিখ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এ আয়োজন হয়ে থাকে। বন থেকে সংগ্রহ করা নানা ফুল—বিজু, রঙ্গন, মাধবীলতা ইত্যাদি ভাসিয়ে তারা পুরোনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেন।

-পার্বত্য সময়