সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে রুমেন চাকমা সভাপতি, সুপ্রিয় তঞ্চঙ্গ্যা সাধারণ সম্পাদক এবং শৈসানু মারমা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২১ মে) রাঙামাটির জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ২৯তম কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। দিনব্যাপী এই কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জেএসএস-এর সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির অর্থ সম্পাদক টিকেল চাকমা।
কাউন্সিলের প্রথম অধিবেশনে আন্তর্জাতিক, জাতীয়, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, সাংগঠনিক অগ্রগতি এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক রুমেন চাকমা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি নিপন ত্রিপুরা এবং প্রধান অতিথি ছিলেন জেএসএস-এর ছাত্রবিষয়ক সহসম্পাদক জুয়েল চাকমা। এ সময় বিদায়ী কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন সহসাংগঠনিক সম্পাদক সতেজ চাকমা।
পরিশেষে, পিসিপির বিদায়ী সহসভাপতি খোকন চাকমা ৩৩ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটির প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

-পার্বত্য সময়