রাঙামাটির বিলাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) এর চাঁদা কালেক্টর অনিল কুমার ওরফে গুইজ্জা তং (৪২) আটক হয়েছেন।
রোববার (২ মার্চ) ৩২ বীর (বিলাইছড়ি জোন) এর তক্তানালা আর্মি ক্যাম্পের সদস্যরা ফারুয়া ইউনিয়নের তক্তানালা উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করেন। তিনি একই এলাকার চাম্মিয়া তং-এর ছেলে।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তক্তানালা আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযানে নামে। অভিযানের একপর্যায়ে অনিল কুমার তংকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে জেএসএসের জন্য চাঁদা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে।
সেনাবাহিনীর অভিযানে আটক অনিল কুমার তংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বিলাইছড়ি জোনের এক কর্মকর্তা জানান, পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না।
স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।
-পার্বত্য সময়


