রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মরংছড়ি গ্রামের স্থানীয়দের কাছ থেকে জোর করে খাবার নেওয়ার অভিযোগ উঠেছে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে। ইউপিডিএফের একটি অনলাইন মুখপত্রে প্রকাশিত প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদনটিতে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরের দিকে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের একটি দল সাপছড়ি এলাকা দিয়ে রাঙামাটি–চট্টগ্রাম সড়ক পার হয়ে মরংছড়ি এলাকায় যায়। সেখানে তারা স্থানীয়দের তাদের জন্য প্রায় ১৫ কেজি চালের ভাত ও তরকারি রান্না করে দেওয়ার নির্দেশ দেয় বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, জেএসএসের সশস্ত্র সদস্যদের নির্দেশে স্থানীয়রা বাধ্য হয়ে তাদের জন্য খাবার প্রস্তুত করে দেন।
ইউপিডিএফের ওই অনলাইন মুখপত্রের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এর আগে গত ১৪ সেপ্টেম্বরও জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যরা মরংছড়ির পাশের নারেইছড়ি এলাকায় অবস্থান করেছিল। পরে তারা সেখান থেকে ঘাগড়ার আমছড়ি এলাকায় ফিরে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, সশস্ত্র সদস্যদের এ ধরনের অবস্থান ও চলাচলের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে।


