পার্বত্য চট্টগ্রামের বৃহৎ আঞ্চলিক দল জনসংহতি সমিতি- জেএসএস (সন্তু) ২০১৮ সালের পর আবার জাতীয় নির্বাচনের মাঠে ফিরছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে দলটি।

জেএসএস জানিয়েছে, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি- এই তিন পার্বত্য আসনেই তারা প্রার্থী দেবে। নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন না থাকায় প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন, তবে পুরো প্রচার-প্রচারণা পরিচালিত হবে জেএসএসের ব্যানারে। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রার্থীর তালিকা প্রকাশ করবে দলটি।

গত ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন জেএসএসের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন,
নির্বাচন হলে জেএসএস অংশ নেবে। আমরা আশাবাদী, জনগণ আমাদের জয়ী করবে।

এর আগে ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ঊষাতন তালুকদার। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত বিবেচনায় দলটি শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়।

ঊষাতন তালুকদার ছিলেন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে বিজয়ী প্রার্থী। তিনি ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারকে পরাজিত করেছিলেন।

জেএসএস সর্বশেষ জাতীয় নির্বাচনে অংশ নেয় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদে। ওই নির্বাচনে রাঙামাটি আসনে দ্বিতীয় হয়েছিলেন ঊষাতন।

আগামী নির্বাচনে দলের প্রত্যাবর্তনকে পর্যবেক্ষকরা পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির সূচনা হিসেবে দেখছেন। দলটির প্রার্থিতা স্থানীয় ভোট রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন সেটিই দেখার বিষয়।