গাঁজাসহ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় নেতা কে এস মং-এর ছেলে অং অং মংসহ ৬ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ জুন) অং অং মং দলবল নিয়ে উদ্যানের ভিতরে গাঁজা সেবন করছিল এবং তাদের সঙ্গে কয়েকজন নারীও ছিল।
উল্লেখযোগ্যভাবে, অং অং মং চলতি বছরের ১১ মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। পুলিশ জানায়, সেদিন নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণবিরোধী পদযাত্রার নামে রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করে একদল আন্দোলনকারী। জনস্বার্থে পুলিশ বাধা দিলে অং অং মং-এর নেতৃত্বে বেপরোয়া মাদকাসক্ত তরুণেরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে অং অং মং প্রধান আসামি।
সূত্র জানায়, অং অং মং-এর এমন বেপরোয়া আচরণের পেছনে তার পিতা কে এস মং-এর রাজনৈতিক প্রভাবই প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। কে এস মং জেএসএস-এর কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, মুখপাত্র এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য।
জানা গেছে, বান্দরবানের উজানীপাড়ার স্থায়ী বাসিন্দা অং অং মং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। পিতার রাজনৈতিক ছায়ায় ঢাকা শহরে বাম রাজনৈতিক ছাতার নিচে অবস্থান নিয়ে সে জেএসএস-এর মতাদর্শ প্রচারে লিপ্ত এবং মাদকাসক্ত হয়ে ক্রমাগত উচ্ছৃঙ্খল আচরণে জড়িয়ে পড়ছে।
পুলিশ বলছে, সোহরাওয়ার্দী উদ্যানে মাদকসেবনের সময় আটক অং অং মং ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ১১ মার্চের মামলায় তার বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিলের উদ্যোগও নেওয়া হচ্ছে।
-পার্বত্য সময়


