বান্দরবান জেলা যুবদলের এক নেতাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার লেমুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তি যুবদলের জেলা সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ।
পরিবার ও দলীয় সূত্রে জানা গেছে, ফয়সাল রাত ৯টা ১৫ মিনিটের দিকে তার দোকানের এক কর্মচারীকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে জানান, পাঁচজন পাহাড়ি যুবক তাকে ধরে নিয়ে যাচ্ছে। ওই বার্তা পাঠানোর পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যদের আশঙ্কা, কোনো পাহাড়ি সশস্ত্র গ্রুপ ফয়সালকে অপহরণ করে থাকতে পারে। তবে এখন পর্যন্ত অপহরণকারীরা পরিবারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।
জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম বলেন, "আমাদের একজন নেতা অপহৃত হয়েছেন। তিনি নিজেই মেসেজ পাঠিয়ে জানিয়েছেন যে পাঁচজন উপজাতি যুবক তাকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।"
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, "ঘটনার খবর আমরা পেয়েছি। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।"

-পার্বত্য সময়