রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে পৌর যুবদলের এক নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের এক নেতা। সোমবার (২১ জুলাই) বিকেলে শহরের মারী স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত ব্যক্তি খোরশেদ আলম লিটন রাঙামাটি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক। তাকে পুলিশের হাতে তুলে দেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তিনি স্টেডিয়াম এলাকার ‘বাবুল স্টোর’ ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। খোরশেদ আলম লিটন দীর্ঘদিন ধরে যুবদলের পরিচয় ব্যবহার করে তার কাছ থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন। 
তিনি বলেন, “অনেকদিন ধরেই লিটন আমার কাছে চাঁদা চাইছিল। আজ আবার এসে হুমকি-ধামকি দিতে থাকলে স্থানীয়দের সহায়তায় তাকে ধরে পুলিশে সোপর্দ করি।”
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, “স্থানীয়দের সহায়তায় এক যুবদল নেতাকে আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় দলীয় অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ওএমএস নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।

-পার্বত্য সময়