রাঙামাটি-২৯৯ আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন গণতন্ত্রমঞ্চ সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা। তাঁর অভিযোগ, বর্তমান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের ভূমিকা গণতান্ত্রিক নির্বাচনি পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাঙামাটির জেলা প্রশাসককে প্রত্যাহার করে অন্যত্র বদলির দাবি জানিয়ে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকায় হোটেল কসমসের নিচতলায় অবস্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা (অস্থায়ী) কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুঁই চাকমা।

তিনি বলেন, জেলা প্রশাসক প্রত্যাহারের দাবি কোনো একটি রাজনৈতিক দলের একক অবস্থান নয়; এটি সাধারণ মানুষের অভিজ্ঞতা ও অভিযোগের প্রতিফলন। জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে অনেকেই অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বলে তাঁর কাছে অভিযোগ করেছেন।

জুঁই চাকমা আরও বলেন, রাঙামাটির মানুষ শান্ত ও সহনশীল বলেই পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ না হলে অসন্তোষ সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়। জনগণকে সম্মান না করলে সম্মান পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসকের কাছে নাগরিকদের সেবা প্রত্যাশা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী এবং বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা।

এ ছাড়া কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।