খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান- পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় জুলাই মাসজুড়ে উদযাপিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’। এ আয়োজন তরুণ সমাজকে ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখে। বিষয়টি নিশ্চিত করেছে তথ্য অধিদপ্তর।
উৎসবের মূল আয়োজন ছিল স্থানীয় তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট। তিন জেলায় পৃথকভাবে আয়োজিত এ টুর্নামেন্টে নানা পাড়ার যুবদল অংশ নেয়, যা উৎসবের পরিবেশ সৃষ্টি করে। ক্রীড়ার পাশাপাশি গান, নৃত্য ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাঙালির আত্মপরিচয় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বাঁক। শহীদদের আত্মত্যাগ আমাদের তরুণ প্রজন্মের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
তিন জেলার আলাদা ফাইনাল খেলায় বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
সংস্কৃতি, ক্রীড়া ও ইতিহাসের সম্মিলনে আয়োজিত এ উৎসব পার্বত্য তারুণ্যের মাঝে এক নবজাগরণের বার্তা ছড়িয়ে দেয়।

-পার্বত্য সময়