বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রোগ্রেসিভ এর আয়োজনে পাহাড়ে নারীদের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত কৃষিপণ্যের প্রচার ও প্রসারে রাঙ্গামাটিতে দিনব্যাপী জুম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলা শহরের নিউ মার্কেট এলাকার আশিকা কনভেনশন হলে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার প্রদর্শনীতে পাহাড়ের জুমে উৎপাদিত বিভিন্ন ফসল, সবজি, তিল, আলু, ফলসহ কৃষিপণ্য প্রদর্শন করা হয়। পাশাপাশি জুমিয়াদের (যারা জুম চাষ করেন) ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়। এই ফেস্টিভ্যালের মাধ্যমে দর্শনার্থীরা পাহাড়ের জুমচাষ, জুমের ফসল, জুমিয়াদের জীবনধারণ ও খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা পাবেন বলে মনে করছেন আয়োজকরা। মেলায় জুমে উৎপাদিত বিভিন্ন ফসল, সবজি, সবজির বীজ ও জুমিয়াদের ব্যবহার্য পোশাক নিয়ে স্টল সাজানো হয়।
বেলা ১১টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেক। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা বলেন, পাহাড়ের নারীদের অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে ও পাহাড়ের জুমে উৎপাদিত বিভিন্ন ফসল, সবজিগুলোর পরিচয় হওয়ায় জন্য আজকে আমাদের এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে জুমের উৎপাদিত বিভিন্ন ফসল, শাক-সবজি ও বীজ রয়েছে সেগুলোর নাম সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের তৃণমূল নারীরা এসব জুমে উৎপাদিত ফসলগুলো বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। পাশাপাশি সমাজে নারী উন্নয়নে আমাদের পিছিয়ে পড়া নারীরা এগ্রিয়ে আসবেন।
- -পার্বত্য সময়


