একটানা তিন দিন পানি ছাড়ার পর কাপ্তাই বাঁধের সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করা হয়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর ১০৮.১৫ ফুট মিনস সি লেভেল। এখন পাঁচটি ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি দিয়ে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এ পরিস্থিতিতে বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় দ্বিতীয় দফায় বাঁধের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়।
এরও আগে সোমবার (৪ আগস্ট) দিনগত রাত ১২টা ৫ মিনিটে প্রথম দফায় জলকপাট খুলে দিয়ে পানি ছাড়ে কর্তৃপক্ষ। পরদিন (৫ আগস্ট) রাত ১১টা থেকে দেড় ফুট, ৬ আগস্ট দুপুর ১টা থেকে আড়াই ফুট, একই দিন রাত ১১টা থেকে তিন ফুট এবং ৭ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত জলকপাট খুলে ধাপে ধাপে সর্বোচ্চ ৬৮ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হয়।
এরপর এক সপ্তাহ পর গত ১২ আগস্ট সকাল ৮টায় পানি ছাড়া বন্ধ ঘোষণা করেছিল কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, পানি বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত।
-পার্বত্য সময়


