টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে আজ বিকেল ৩টা থেকে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে কর্ণফুলী নদীতে অতিরিক্ত ৯ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা মাহমুদ হাসান এক প্রজ্ঞাপনে জানান, রুলকার্ভ অনুযায়ী বর্তমানে হ্রদের পানির স্তর ১০৭ ফুট এমএসএল, যা আশঙ্কাজনকভাবে বিপদসীমার কাছাকাছি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্র জানায়, হ্রদের পানি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে আরও স্পিলওয়ে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে হ্রদের পানির চাপ সামাল দিতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে, যেগুলো থেকে প্রতিদিন প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
স্থানীয়দের প্রতি নদীতীরবর্তী এলাকায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
-পার্বত্য সময়


