রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র-এ পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে মাত্র ১টি চালু রয়েছে।
কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২৩০ মেগাওয়াট হলেও এখন উৎপাদিত হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর দ্রুত কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে কেবল ২ নম্বর ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
তিনি আরও জানান, রুল কার্ভ অনুযায়ী লেকের পানির স্তর ৮৩.৮০ ফুট (এমএসএল) থাকার কথা থাকলেও তা নেমে এসেছে ৭৭.৪৭ ফুটে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
কেন্দ্রের প্রকৌশলীরা জানান, আগে ২টি ইউনিট চালু থাকলেও পানির স্তর আরও কমে যাওয়ায় এখন একটি ইউনিটে উৎপাদন সীমাবদ্ধ রাখতে হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।

