কর্ণফুলী নদীর তীব্র স্রোতের কারণে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত ‘চন্দ্রঘোনা’ ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টা থেকে রাঙামাটি সড়ক ও জনপদ অফিস ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা গণমাধ্যমকে জানান, কাপ্তাই বাঁধের জলকপাট খুলে পানি ছাড়ার পরিমাণ বেড়ে যাওয়ায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ‘চন্দ্রঘোনা ফেরি’ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
স্থানীয়রা বলছে, ফেরি বন্ধ থাকার কারণে এই রুটে কোনো যান চলাচল করছে না। এতে বান্দরবান, রাঙামাটির রাজস্থলী উপজেলা ও কাপ্তাই ও চট্টগ্রামের রাঙুনিয়া উপজেলার বাসিন্দারা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।
অন্যদিকে, কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে বুধবার রাত ১১টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট তিন ফুট ওপরে খুলে সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে রাঙামাটির নিম্নাঞ্চলগুলো কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গেছে।
-পার্বত্য সময়


