রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিল (কেপিএম) চার দিন পর আবারও উৎপাদনে ফিরেছে। কারখানার ওয়াগ্গা পানির পাম্প হাউসের কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকলেও শনিবার (১৩ ডিসেম্বর) সকালে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়।
কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম থেকে মোট ৯১৫ টন বাদামি, গোলাপি ও সবুজ রঙের কাগজের চাহিদা দিয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৫৩৭ টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ টন কাগজ পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।
তিনি বলেন, কর্ণফুলী নদীসংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউসের কারিগরি সমস্যার কারণে চার দিন ধরে উৎপাদন বন্ধ রাখতে হয়।
শহীদ উল্লাহ আরও জানান, কেপিএমের কাগজ উৎপাদনে বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয়, যা পুরোপুরি কর্ণফুলী নদী থেকেই সংগ্রহ করা হয়। শুষ্ক মৌসুমে ভাটার সময় নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় পর্যাপ্ত পানি উত্তোলনে সমস্যা দেখা দেয়। বর্তমানে পানি প্রবেশপথ ম্যানুয়ালি খনন এবং বালু উত্তোলন পাইপলাইন আরও গভীর করে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করা হয়েছে।


