পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় নেতৃত্বে পুনরায় নির্বাচিত হলেন কাজী মজিবর রহমান ও মো. শাব্বির আহমেদ। বৃহস্পতিবার চট্টগ্রামের অক্সিজেনস্থ পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে কাজী মজিবর রহমান এবং মহাসচিব পদে মো. শাব্বির আহমেদ বিজয়ী হন।

মহাসচিব পদের নির্বাচনে তিনজন শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন- স্থায়ী কমিটির সদস্য মো. শাব্বির আহমেদ, আবদুল মজিদ এবং লিগ্যাল এইড কমিটির সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার। ত্রিমুখী লড়াইয়ে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটিং অনুষ্ঠিত হয়। সদস্যদের আস্থা অর্জনে সক্ষম হন শাব্বির আহমেদ এবং এক সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি বিজয়ী হন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রেজাউল করিম এবং অধ্যক্ষ আবু তাহের। তাদের তত্ত্বাবধানে স্থায়ী কমিটির মোট ২৫ সদস্যের মধ্যে ১৭ সদস্য সরাসরি উপস্থিত থেকে ভোট প্রদান করেন। পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নির্বাচন শেষে উপস্থিত সদস্যদের স্বাক্ষরে একটি রেজুলেশন গৃহীত হয়, যেখানে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সভাপতি ও মহাসচিব সংগঠনের কাঠামোকে আরও সুসংগঠিত করতে বাকি পদগুলোতে যোগ্য ও নিবেদিত সদস্য মনোনয়ন দেবেন।

নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর সদস্যরা আশা করছেন, তারা সংগঠনের দুর্বল দিকগুলো চিহ্নিত করে উন্নয়নমূলক পদক্ষেপ নেবেন, অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করবেন, সদস্যদের মধ্যে ঐক্য জোরদার করবেন এবং মাঠপর্যায়ের জনসম্পৃক্ততা বাড়াবেন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় পর্যায়ে পিসিএনপির গ্রহণযোগ্যতা ও সুনাম বৃদ্ধির প্রতি জোর দেবেন।

সংগঠনের মূল আদর্শ ধরে রেখে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী পিসিএনপি গড়ে তুলবে নতুন নেতৃত্ব- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা।