খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সীমান্তে দুর্বৃত্তের গুলিতে দুই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৫) ও বিমল চাকমা (৫২)। গুলিবিদ্ধ হয়েছেন- ত্রিপল চাকমা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজে মহালছড়ির দুরছড়িতে অবস্থান করছিল তিন কর্মী। সকালে অতর্কিতভাবে নব্যমুখোশ বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালালে দুইজন কর্মী গুলিতে নিহত হয় এবং একজন কর্মী নিখোঁজ রয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা তরু জানান, মহালছড়িতে তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। এতে আভ্যন্তরীণ কোন্দলের ফল বলে দাবি করেন তিনি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গুলো খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হন।