ঋতুবদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে পাহাড়ের রূপ। প্রকৃতিতে শীতের আমেজ আসতেই পার্বত্য জেলা খাগড়াছড়িতে ভিড় জমতে শুরু করেছে ভ্রমণপিপাসুদের। পাহাড়চূড়ার মেঘের খেলা, সবুজ অরণ্য আর ঝরনার স্নিগ্ধতা উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।

নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হওয়ায় জেলার প্রধান আকর্ষণগুলো এখন মুখরিত। বিশেষ করে আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, রিছাং ঝরনা, তারেং পাহাড় এবং বিভিন্ন ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য দেখতে পর্যটকদের আনাগোনা বেড়েছে চোখে পড়ার মতো। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে প্রকৃতির এই সবুজ মায়াবী রূপের সান্নিধ্যে আসছেন তারা।

পর্যটকদের এই আগমনকে ঘিরে খাগড়াছড়ির পর্যটন খাতও সেজেছে নতুন রূপে। জেলার হোটেল, মোটেল এবং কটেজগুলো অতিথিদের বরণ করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, নভেম্বর থেকে পরবর্তী তিন মাস এই পর্যটন মৌসুমে দর্শনার্থীদের সমাগম স্বাভাবিক থাকলে ভালো ব্যবসা হবে।

এ বিষয়ে আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক সোহেল ত্রিপুরা বলেন, প্রকৃতির পাশাপাশি আমরাও পর্যটকদের জন্য নানা আয়োজনে প্রস্তুত। আশা করছি, শীত মৌসুমে দর্শনার্থীদের আগমনে আমরা ভালো সাড়া পাবো।

এদিকে, ভ্রমণপিপাসুদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভ্রমণ নিরাপদ করতে প্রতিটি পর্যটনকেন্দ্রে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আমরা পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট আছি।

সব মিলিয়ে, হালকা শীতের এই আমেজে খাগড়াছড়ির প্রকৃতি আর পর্যটন ব্যবসা, উভয়ই এখন প্রাণবন্ত ও চাঙ্গা হয়ে উঠেছে।