পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটিতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পর্যটকদের ব্যাপক সমাগম ঘটেছে। সবুজ পাহাড়, নির্মল পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ভিড় জমাচ্ছেন এই জনপদে।

জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে আলুটিলা পর্যটন কেন্দ্র, আলুটিলা গুহা, তেরাং তৈকালাই ঝর্ণা, জেলা পরিষদ পার্ক এবং চেঙ্গী নদীর তীর এখন পর্যটকদের পদচারণায় মুখর। বিশেষ করে রহস্যঘেরা আলুটিলা গুহা দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

পর্যটকরা জানান, গুহার অন্ধকার, শীতল পরিবেশ ও নীরবতা ভিন্নধর্মী অভিজ্ঞতা দেয়। অন্যদিকে তেরাং তৈকালাই ঝর্ণার স্বচ্ছ পানি, ঝুলন্ত সেতু ও পাহাড়ি পথের সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করছে।

পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং পর্যটনকেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এদিকে পর্যটকদের আগমনে জমজমাট হয়ে উঠেছে স্থানীয় হস্তশিল্পের বাজারও। বাঁশ, বেত ও কাঠের তৈরি ঐতিহ্যবাহী পণ্যের ভালো বিক্রি হচ্ছে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক স্বস্তি বয়ে আনছে।

সব মিলিয়ে ঈদের ছুটিতে খাগড়াছড়ি এখন উৎসবমুখর এক প্রাণচঞ্চল জনপদে পরিণত হয়েছে, যেখানে প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধনে পর্যটকরা খুঁজে পাচ্ছেন ভিন্নমাত্রার আনন্দ।