খাগড়াছড়িতে বিগত এক মাসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৯টি উপজেলায় মোট ৩৭টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৮ জনকে কারাদণ্ড এবং ৬ লাখ ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি বলেন, “জনস্বার্থে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনজীবনের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় সবাইকে আইন মেনে চলতে হবে।”

সভায় জেলা প্রশাসক আরও জানান, জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিসি পার্ক এলাকায় ২০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে উপজেলা প্রশাসন। আজ (২৫ জুন) প্রধান উপদেষ্টার হাত থেকে মানিকছড়ি উপজেলার নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হবে।

সভায় জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।