খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতা নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীতিদত্ত চাকমা (৪০) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সমন্বয়ক ছিলেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে সন্ত্রাসীরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। তবে সংগঠনটির কোনো নেতা পরিচয় প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ঘটনাটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল এবং তাদের সংগঠন এতে জড়িত নয়।


