খাগড়াছড়ি সদর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলাম ওরফে আমিন (১৯) খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, মামলার ঘটনার শুরু ২০১৯ সালের ১০ জুন। ওইদিন বিকেলে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী বাড়ির পাশের মাঠে ছাগল আনতে গেলে আমিন তাকে জোরপূর্বক পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন ভুক্তভোগী নিজেই খাগড়াছড়ি সদর থানায় তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
তদন্ত শেষে একই বছরের ১৯ আগস্ট আমিনুল ইসলামকে প্রধান আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার আমিনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অনাদায়ে তাকে আরও দুই বছর কারাবাসে থাকতে হবে।
এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, “মামলা দায়েরের সময় মাইনর হিসেবে আসামির বিরুদ্ধে মামলা রুজু হলেও সাজার ক্ষেত্রে তা বিবেচনা করা হয়নি।”


