পার্বত্য চট্টগ্রামের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় এক মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জোন সদর দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে ১৪টি অসহায় পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করা হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে দেওয়া হয় একটি সেলাই মেশিন।
এছাড়াও, আরও ৫০টি দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দেওয়া ত্রাণে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি আটা ও ১ কেজি ছোলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, পিএসসি এবং জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা ছাড়াও মানুষের জীবনমান উন্নয়ন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।”
উপকারভোগীরা এই মানবিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
-পার্বত্য সময়


