খাগড়াছড়ি ও ফটিকছড়ির সীমান্তবর্তী আব্দুল্লাহপুর-নানুপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ এক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার রাতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

অভিযান চলাকালে সেনা সদস্যরা একটি শটগান, রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, একটি অ্যামোনিশন ক্লিপ, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, ১৫টি মোবাইল ফোন, ২৫টি সিমকার্ড ও একটি বডি ক্যামেরাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করে।

আটককৃত ইমনকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের কর্মকর্তারা জানান, পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।