অবাঙালি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে জেলা পুলিশের উদ্যোগে বালক ও বালিকাদের অংশগ্রহণে সম্প্রীতি মিনি ম্যারাথন এবং প্রীতি বলিবল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শতাধিক বালক ও বালিকা মিনি ম্যারাথনে অংশ নেন। একই দিন দুপুরে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি বলিবল খেলা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) মোছা শেহেলা পারভিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ উপ-কমিশনার (পিওএমপি পূর্ব) কাজী নুসরাত এদীব লুনা, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালকদের সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও এপিবিএন উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি মূল সময় ১-১ গোলে সমাপ্ত হয়। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

জেলা পুলিশ জানায়, এই ধরনের ক্রীড়া ও সাম্প্রদায়িক অনুষ্ঠান সম্প্রদায়ের মধ্যে আস্থা, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।