খাগড়াছড়িতে পাহাড়ি স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ইউপিডিএফ সমর্থিত সংগঠন ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে। তবে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

অবরোধের কারণে সকাল থেকে পুরো জেলায় স্থবিরতা নেমে আসে। বন্ধ হয়ে যায় দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ রুটের যানবাহন চলাচল। সড়কে নেই গাড়ি কিংবা মানুষের স্বাভাবিক চলাচল—এমন পরিস্থিতিতে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যেই বিরাজ করছে আতঙ্ক। এরই মধ্যে খাগড়াছড়ি জেলায় অনির্দিষ্টকালের জন্য জারি আছে ১৪৪ ধারা।

এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) গুইমারায় সংঘর্ষে দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হওয়ার পর জেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার সংঘর্ষের এক পর্যায়ে রামেসু বাজারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে, এতে বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

ঘটনার পর সেনাবাহিনী ও বিজিবি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পাহারায় মোতায়েন রয়েছে। তবে উত্তেজনা কমেনি। সংঘর্ষে সেনা, পুলিশ ও বিজিবিসহ মোট ১৬ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।